খাল পরিদর্শন করছেন ইউএনও রিফাত আরা মৌরি।
খাল পরিদর্শন করছেন ইউএনও রিফাত আরা মৌরি।   ছবি: আরটিএনএন

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা-এ খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে তিনি উপজেলার আঙ্গারিয়া এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় রাঢ়ি বাড়ির সামনে থেকে শুরু হওয়া খালটির বিভিন্ন স্থানে ফিতা দিয়ে মাপ নেওয়া হয়। পরিদর্শনে দেখা যায়, নির্ধারিত ৩০ ফুট প্রস্থের পরিবর্তে কোথাও কোথাও খালের প্রস্থ ২৬ থেকে ২৮ ফুট পাওয়া গেছে। এ সময় রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ৪০০ মিটার খাল পুনঃখননের জন্য ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া উপজেলায় ১৩টি খাল খনন ও ৩টি বাঁধ নির্মাণে মোট প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে আলোচিত দুটি খালের ৪ দশমিক ৮৯ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয় কৃষক ও সুবিধাভোগীরা অভিযোগ করেছেন, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী পূর্ণাঙ্গ খনন না করে দায়সারাভাবে কাজ করা হয়েছে। তাঁদের মতে, খালের মাঝখান থেকে সামান্য পলি অপসারণ করে নালার মতো আকৃতি দেওয়া হয়েছে, যা প্রকৃত অর্থে পুনঃখনন নয়। ফলে প্রত্যাশিত সেচ সুবিধা থেকে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন। যথাযথভাবে খনন করা হলে হাজারো কৃষক উপকৃত হতেন, কিন্তু বর্তমান কাজ থেকে তেমন কোনো সুফল মিলছে না।

স্থানীয়দের আরও অভিযোগ, খনন কাজ শুরুর আগে খালের দুই পাড়ের বহু ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। অথচ যথাযথ খনন না হওয়ায় গাছ হারানোর পাশাপাশি সেচ সুবিধা ও মাছ চাষের সম্ভাবনাও নষ্ট হয়েছে। এছাড়া খালের পাড় তির্যকভাবে কাটায় ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

পরিদর্শন শেষে ইউএনও রিফাত আরা মৌরি সাংবাদিকদের জানান, অনিয়মের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেসব স্থানে প্রস্থ কম মনে হয়েছে, সেখানে মাপ নিয়ে নির্ধারিত ৩০ ফুট পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। 

 

এসএস