ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সংঘর্ষের সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করা হয়।   ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি ঘিরে কলেজ গেট এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান দাবি করেন, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা কর্মসূচি পালন করতে যান। বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তবে ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে শিবিরের পক্ষ থেকে দায় অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, সকাল সাড়ে ১১টার দিকে শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। পরে তারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং কলেজ গেটের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।

এ বিষয়ে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুপক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।