ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।   ছবি: সংগৃহীত

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজট চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে গেলে এই পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিমেন্টবোঝাই ট্রাকটি চন্দ্রা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ধীরে ধীরে চার কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়। ঘটনার পর থেকে কয়েক ঘণ্টা ধরে সড়কে যানজট চলতে থাকে।

নাওজোড় হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ট্রাকের ভেতরের সিমেন্টের বস্তা সরিয়ে দ্রুত সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।