দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে।   ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজটি স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩টায় ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসে, যা বাংলাদেশ সময় সকাল ৬টা।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন, হরমুজ প্রণালি এড়িয়ে ভিন্ন রুট ব্যবহার করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। এতে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে এবং ১৩ থেকে ১৪ দিনের মধ্যে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

বর্তমানে দেশে ক্রুড অয়েল সংকটের কারণে ১৩ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে। নতুন চালান পৌঁছানোর পর ইউনিটটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। সর্বশেষ চালান দেশে আসে গত ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। প্রতিষ্ঠানটি এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ মোট ১৬ ধরনের জ্বালানি উৎপাদন করে। বাকি চাহিদা পূরণে ভারত ও চীন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।