ইবির উপাচার্যকে স্মারকলিপি দিলো পূজা উদযাপন পরিষদ
ইবির উপাচার্যকে স্মারকলিপি।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমুসলিম শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি দিয়েছে ইবি পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির নেতারা এ স্মারকলিপি দেন। 

এ সময় দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শের নেতৃত্বে প্রচার সম্পাদক শুবংকর রায়, সহ-প্রচার সম্পাদক আশীর্বাদ রায়, চয়েস কুমার বিশ্বাস ও সহ-মন্দিরবিষয়ক সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভা ও ২৭১তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্সকে ক্রেডিট কোর্স হিসেবে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে ধর্মীয় পরিচয় বিবেচনা না করে সব শিক্ষার্থীর জন্য ‘ইসলামিক স্টাডিজ’ বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

সংগঠনটির দাবি, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থী অধ্যয়ন করেন। সেখানে একটি নির্দিষ্ট ধর্মের শিক্ষা অন্য ধর্মাবলম্বীদের জন্য বাধ্যতামূলক করা বৈষম্যমূলক এবং স্বাধীনতার চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, সাম্প্রতিক প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত উদ্বেগজনক এবং এটি বহুত্ববাদী সমাজব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স চালুর পরিকল্পনা নেয় প্রশাসন। এরপর থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।