আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ,
হামলায় আহত সাংবাদিক সাব্বির আহমেদ।   ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নবীনগর কুরগাঁও এলাকায় গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত গোলাম সাব্বির আহমেদ দৈনিক সমাচার পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানায়, কোনো একটি আলোচিত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আলামিন হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন সাংবাদিক সাব্বির। কথা বলার একপর্যায়ে আলামিন তাকে রফিকের টেক এলাকায় ডাকেন। সেখানে আলামিন, রানা, আকাশ ও রাসেলের উপস্থিতিতে কথোপকথন চলার সময় হঠাৎ সোহাগ নামে এক যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাব্বিরকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ তার কোমর থেকে ছুরি বের করে সাব্বিরের মাথায় ও হাতে এলোপাতাড়ি আঘাত শুরু করেন। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে রানা, জাহাঙ্গীর ও সজিবসহ আরও কয়েকজন মিলে তাকে পুনরায় মারধর করে। আত্মরক্ষার্থে সাব্বির পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানে গিয়ে তাকে পেটানো হয়। পরে স্থানীয়দের ভিড় বাড়তে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সাব্বিরকে প্রথমে স্থানীয় হাবিব ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। ইতিপূর্বে সোহাগের ছোট ভাই সজিব কর্তৃক মাদ্রাসার দুই শিক্ষার্থীকে ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে খবর দেওয়ায় সাব্বিরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক গোলাম সাব্বির আহমেদ।