চার দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম,
বুড়িমারী স্থলবন্দরে অপেক্ষমান মালবাহী ট্রাক।   ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিনের জন্য বন্ধ থাকছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে সীমান্ত এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে এই সময় চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী দুই দিকেরই বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরপর শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সরকারি ছুটি থাকায় স্বাভাবিকভাবেই বন্দর কার্যক্রম আরও একদিন বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের চিঠির ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কোচবিহার জেলার প্রশাসন থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় যান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ এই বন্ধের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হবে, তবে নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এই সময় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিতভাবে যাতায়াতের সুযোগ থাকবে, তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, আগামী ২৫ এপ্রিল থেকে বন্দর দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হবে।

এ বিষয়ে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ জানায়, সব সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী সংগঠন এবং নিরাপত্তা সংস্থাকে আগেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।