অবরোধের পর সমাধান, পরীক্ষায় বসল গাইবান্ধার ৬৫ শিক্ষার্থী,
পরীক্ষার্থীরা প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।   ছবি: সংগৃহীত

রাতভর অবরোধ ও অনিশ্চয়তার পর অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুই বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয় বলে জানিয়েছে শিক্ষা সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। তিনি জানান, প্রবেশপত্র না থাকায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই এখন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর আগে সোমবার দুপুরে প্রবেশপত্র না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ জন পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। সেখান থেকে সমাধান না পেয়ে রাত ৯টার দিকে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও একটি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করে রাতের মধ্যেই প্রবেশপত্র সরবরাহ করা হবে।

প্রশাসনের আশ্বাস পেয়ে রাত প্রায় পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উল্লেখ্য, প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরা নিয়মমতো ফি জমা দিয়ে ফরম পূরণ করার পরও প্রবেশপত্র না পাওয়ার ফলে এ অবরোধ করে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে ২৬ হাজার ২১ জন এসএসসি পরীক্ষার্থী, ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন অংশগ্রহণ করছে।