রামেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা,
মানববন্ধনে ইন্টার্ন ডাক্তাররা।   ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও প্রতিবাদী কর্মসূচি পালন করছেন তারা।

এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়ে, রবিবার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আরএমসিএইচ) পক্ষ থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। সকাল ৯টা থেকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য সকল ইন্টার্ন চিকিৎসকদেরকে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা।

সঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই ঘটনার বিচারের দাবি জানান। 

রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ‘২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা।’ এছাড়া দুই দিনের হেনস্থার ঘটনায় তারা বিচারের দাবি জানান। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মোবাইল ফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।