কলাগাছ নিয়ে বৌ-শাশুড়ির মারমারি অতপর...
গ্রেপ্তার হওয়া ঝর্ণা বেগম ও লিমা আক্তার।   ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে কলাগাছকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দায়ের হওয়া এক মামলায় শাশুড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান।

এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের স্ত্রী লিমা খাতুন।

স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশের কলাগাছ হেলে পড়লে তিনি গাছগুলো ঠিক করতে কিছু পাতা কেটে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। তিনি দাবি করেন, পুত্রবধূ তাকে মারধর করে এবং তার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে। তাকে আক্রমণ করলে তিনিও পাল্টা আক্রমণ করেন বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের মামলার ভিত্তিতে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। একটি ছোট পারিবারিক বিষয় থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।