‘উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে’ 
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি তাঁর নির্বাচনী এলাকার ১৫ সদস্যবিশিষ্ট এক ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি প্রতিনিধিদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষকে সংসদ কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে পর্যায়ক্রমে সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন অবলোকনের সুযোগ করে দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে খ্রিষ্টান প্রতিনিধিদলও সংসদ ভবন পরিদর্শন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাই জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

ডেপুটি স্পিকার সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব অনিয়ম শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পাশাপাশি স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান এবং এ জন্য সবার দোয়া কামনা করেন, যেন আল্লাহ তাঁকে সৎভাবে কাজ করার তাওফিক দান করেন।