খুলনায় চক্ষু হাসপাতালের অনিয়মের অভিযোগে মানববন্ধন
খুলনায় চক্ষু হাসপাতালের অনিয়মের অভিযোগে মানববন্ধন।   ছবি: আরটিএনএন

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপিপন্থি নেতাকর্মীরা।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের বাদামতলা এলাকায় হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলী।

মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের ট্রাস্টিবোর্ডে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে দুই পক্ষের মধ্যে সমাধান না হলে ফুলবাড়ীগেট থেকে ফুলতলা পর্যন্ত সড়ক অচল করে দেওয়া হবে।

এদিকে হাসপাতালের সুষ্ঠু পরিচালনার স্বার্থে সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নজরুল ইসলাম-কে আপাতত প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

স্থানীয় সংসদ সদস্য আলী আজগার নবী-এর নির্দেশনায় শেখ ইকবাল হোসেন, মীর কায়সেদ আলী এবং কাজী মিজানুর রহমানকে হাসপাতালের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের তত্ত্বাবধানে হাসপাতালের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করে হাসপাতালের সেবার মান বজায় রাখার দাবি জানান।