পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ,
গাছ বিতরনের মুহুর্ত।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, বিশিষ্ট পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শুধু তাই নয়, তিনি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন। আরিফুর রহমান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান।

তিনি গত তিন বছর ধরে নিজ উদ্যোগে চাকরিজীবনের উপার্জিত অর্থ দিয়ে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি চালিয়ে আসছেন। রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলাকে বেছে নিয়েছেন এই কর্মসূচির আওতায়।

এ পর্যন্ত তিনি ১২টি জেলায় এই কর্মসূচি সম্পন্ন করেছেন। বাকি ৪ জেলায় তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। উত্তরাঞ্চলে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি গাছ বিতরণ করা হয়েছে।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আনিকা তাবাসসুম ইচ্ছে বলেন, ‘সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেলের কাছ থেকে একটি জাম গাছের চারা পেয়েছি। এটি আমি বাসায় গিয়ে লাগাবো আর বড় করবো।’

একই শ্রেণির ছাত্র মেহেদী হাসান অনিক বলেন, ‘আরিফ আঙ্কেল আমাদের প্রত্যেককে একটি করে গাছের চারা দিয়েছেন আর বলেছেন, গাছ আমাদের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাই। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।’

আরিফুর রহমান আরও জানান, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তুলতে চান তিনি।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, ‘সবুজের ফেরিওয়ালার পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশকে সবুজায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।’


পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, ‘অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধারসহ বিভিন্ন স্থানে সবুজায়ন করছেন। এজন্য আমরা তাকে সবুজের ফেরিওয়ালা নামে অভিহিত করেছি।’

আরিফুর রহমান আরও বলেন, ‘গাছ লাগানোর আগ্রহ আমার ছোটবেলা থেকেই। বৈশ্বিক উষ্ণতার কারণে পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। আমরা গাছ কেটে ফেলছি, কিন্তু সেই অনুপাতে গাছ রোপণ করছি না। স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এসব গাছ লাগানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে।’