বান্দরবানের হোয়াইটপিক স্টেশনে ৭ মাসে দুই পর্যটকের মৃত্যু।
বান্দরবানের হোয়াইটপিক স্টেশনে ৭ মাসে দুই পর্যটকের মৃত্যু।   ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় হোয়াইটপিক স্টেশন এলাকায়  সাত মাসে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল), যেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী আবদুল ওয়াদুদ সায়েম (২১) মাতামুহুরী নদীতে ডুবে মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা সায়েম পাঁচ বন্ধুর সঙ্গে হোয়াইটপিক স্টেশন রিসোর্টে বেড়াতে যান। দুপুরে তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে হঠাৎ সায়েম পানির স্রোতে তলিয়ে যান।

ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে গত সাত মাসে একই এলাকায় আরও একজন পর্যটকের মৃত্যু হয়েছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হোয়াইটপিক স্টেশন কর্তৃপক্ষ এক ফেসবুক বার্তায় এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়। তারা জানায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, নৌকার মাঝি ও জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।