পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা; সার্জিস আলমের ক্ষোভ।
পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা, সার্জিস আলমের ক্ষোভ।   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মন্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শহরে এ ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ কিছু অংশগ্রহণকারী কার্যালয়ের বাইরের টিনের বেড়া ভাঙচুর করে এবং ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত করে। পরে দলীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্টদের সেখান থেকে সরিয়ে নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

WhatsApp Image 2026-04-18 at 12-10-33 PM

এদিকে, ঘটনাটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে এবং তার জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। তবে একটি বক্তব্যকে কেন্দ্র করে কারও বাসা বা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা অসহিষ্ণুতা ও বিপজ্জনক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়।" তিনি এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সংশ্লিষ্টদের সংযত থাকার আহ্বান জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।