রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সঙ্গে এমপির সাক্ষাৎ
আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ।   ছবি: আরটিএনএন

রহনপুর–ঢাকা রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ডিও লেটারের মাধ্যমে এ দাবি জানানো হয়।

সংসদ সদস্য তাঁর আবেদনে উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এখান দিয়ে নিয়মিত ভারত থেকে পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে, যা থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। এ ছাড়া এলাকার হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ নিয়মিত ঢাকায় যাতায়াত করেন।

তিনি বলেন, বর্তমানে রহনপুর থেকে ঢাকায় সরাসরি যাতায়াতের জন্য কোনো আন্তঃনগর ট্রেন নেই। ফলে এই অঞ্চলের মানুষকে চাঁপাইনবাবগঞ্জ সদর বা রাজশাহী হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়, যা ভোগান্তির কারণ।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, রহনপুর থেকে আন্তঃনগর ট্রেন চালু হলে তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলার পাশাপাশি নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার মানুষও উপকৃত হবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলার বাসিন্দারাও আধুনিক রেলসেবার আওতায় আসবেন।

এলাকার অর্থনৈতিক গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত রহনপুর–ঢাকা রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।