নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ,
সংবাদ সম্মেলন করছে নাটোর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন)।   ছবি: আরটিএনএন

নাটোর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন)-এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কান্দিভিটা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী মামুনুর রশিদ এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, ওই দিন দুপুরে তিনি রিকশাযোগে নিজ বাসা থেকে নাটোর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে কান্দিভিটা এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় স্থানীয় সোহান (২৫), রুবেল (২৬) ও মিশুর নেতৃত্বে তারা তাকে রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এতে মামুনুর রশিদ গুরুতর আহত হন। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদ বাদী হয়ে নাটোর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।