রামুতে বিজিবির অভিযান, ইয়াবাসহ চালক আটক
ইয়াবাসহ চালক আটক।   ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক মোঃ রুবেল (২৫)-কে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। 

এ সময় উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ মালামালের কথা অস্বীকার করলেও পরবর্তীতে সিএনজির চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

আটককৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালনকালে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।