সুন্দরবনে শিকারিদের পাতা ১,৫০০ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার, সারাদেশ, হরিণ ধরার ফাঁদ উদ্ধার, সুন্দরবন,
উদ্ধারকৃত হরিণ ধরার ফাঁদ।   ছবি: আরটিএনএন

সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধীনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ ফুট দীর্ঘ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বন বিভাগ অভিযান চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আ. ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য সদস্যরা।

সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল দুষ্কৃতকারী ওই এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।