চুয়াডাঙ্গায় অবৈধ মজুদকৃত তেল উদ্ধার, সারাদেশ, মজুদকৃত তেল উদ্ধার,
উদ্ধার অভিযানের দৃশ্য।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের দায়ে স্টেশনের ম্যানেজার এবং বালিহুদা গ্রামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইনে অবৈধভাবে তেল মজুদের অপরাধে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অপরাধে আতিয়ার রহমানকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, অবৈধভাবে ডিজেল মজুদের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবিসহ প্রশাসনের যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।