বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ।   ছবি: আরটিএনএন

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কে চাষি, কে বর্গাচাষি, কে ভূমিহীন চাষি-এসব বিষয়ে অনেক সময় দলীয় নেতাকর্মীরাও সঠিক তথ্য জানেন না। তিনি বলেন, “আমি এই এলাকার সংসদ সদস্য হয়েও জানি না কে কৃষক কার্ডটি পেয়েছেন। এটাই বিএনপি—তারেক রহমানের বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়নকে প্রাধান্য দেয়।”

তিনি আরও বলেন, দেশের সুজলা-সুফলা ও নদীমাতৃক বৈশিষ্ট্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আগে ১০-২০ ফুট মাটির নিচে টিউবওয়েলের পানি পাওয়া যেত, এখন তা ৭০-৮০ ফুট নিচে নেমে গেছে, যা অশুভ লক্ষণ।” তিনি নতুন প্রজন্মকে রক্ষায় নদী-নালা ও জলাশয় খননের ওপর গুরুত্বারোপ করেন এবং এসব দখল বা ভরাট বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এই কর্মসূচির উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন ধাপে যাচাই-বাছাই করে উপকারভোগীদের নির্বাচন করেছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে এবং আগামী দুই-তিন মাসের মধ্যে সারাদেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে তিনি সবার জীবনে সুখ-শান্তি কামনা করেন এবং কৃষক ও কৃষাণীদের উন্নয়নের লক্ষ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকুরিয়া পারভীন বক্তব্য দেন। এ সময় জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্য অতিথিরা ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।