বদলগাছিতে মিঠু হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১
হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রিফাত হোসেনকে গ্রেপ্তার।   ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছিতে চাঞ্চল্যকর মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনার পাঁচ দিন পর ঢাকা থেকে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকার আশুলিয়ার কুড়গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছির আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত হয়। নিহত মিঠু হোসেন বদলগাছির বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার ঘাড়, পিঠ ও কানের নিচে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মামলাটির দ্রুত তদন্ত ও আসামিদের ধরতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বদলগাছি থানা পুলিশ ও আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিফাত হোসেন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। রিফাত পুলিশকে জানান:

গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে মিঠুর ভ্যানে চড়ে তারা যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিলেন।

পূর্বশত্রুতার জেরে পথে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত তাকে ভ্যান থেকে ফেলে দিয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন এবং মিঠুর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

ঘটনার পর রিফাত বদলগাছি থেকে রাজশাহী হয়ে ঢাকার আশুলিয়ায় গিয়ে আত্মগোপন করেন।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।"

গ্রেপ্তার আসামিকে আজই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।