নিখোঁজ মুক্ত মিয়ার মরদেহ উদ্ধার, শোকাহত পরিবার
নিহত মুক্ত মিয়া।   ছবি: আরটিএনএন

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওর থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মুক্ত মিয়া (৬৫), তিনি উপজেলার বরান্তর গাংপাড়া এলাকার বাসিন্দা। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর নিজ জমি থেকেই তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে বরান্তর ধলি হাওরে বোরো ধান কাটতে গিয়ে কৃষকরা জমির মধ্যে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরীকে বিষয়টি জানান।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। অর্ধগলিত অবস্থায় থাকায় প্রথমদিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের পোশাক দেখে মরদেহটি মুক্ত মিয়ার বলে নিশ্চিত করেন। স্থানীয়দের দাবি, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি তার নিজস্ব জমি।

পরিবারের সদস্যরা জানান, গত ৫ থেকে ৭ দিন ধরে মুক্ত মিয়া নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিজের জমিতেই তার এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করেননি।

অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।