ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্তে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪, মমেক, হাম, শিশু, আরটিএনএন,
মমেকে হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।   ছবি: আরটিএনএন

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩ শিশুর মৃত্যু হলো।

গত শনিবার (১১ এপ্রিল) জামালপুরের সরিষাবাড়ী থেকে হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী এক শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন রোগী। বর্তমানে মোট ৭৪ জন রোগী হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৪৫৭ জন সন্দেহভাজন হাম রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৩৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ১৩ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছে।