ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচিতে পহেলা বৈশাখ উদযাপন, সারাদেশ, ময়মনসিংহ, নববর্ষ,
ময়মনসিংহে ধুমধাম করে পালিত হয়েছে নববর্ষ।   ছবি: আরটিএনএন

পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণিল ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন, বর্ষবরণ উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের নানা উপকরণ হাতে নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন শত শত উৎসুক নগরবাসী।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে পৃথক নববর্ষ শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নগরীর শহীদ সাগর চত্বর, ময়মনসিংহ প্রেসক্লাব, রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে একাধিক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সব শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উদ্যানজুড়ে বসে রঙবেরঙের গ্রামীণ ঐতিহ্যের মেলা, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির এক অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে ঘুড়ি ওড়ানো, লাঠিখেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।