টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলে মারুফ স্টেডিয়াম প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।   ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ মারুফ স্টেডিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করেন এবং তাদের গাছের চারা তুলে দেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সচিব রফিকুল ই মোহামেদ। অনুষ্ঠানে একজন কৃষক ও একজন কৃষাণীও বক্তব্য দেন।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে স্টেডিয়ামে পৌঁছান। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের আওতায় আসবেন। কৃষক কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা ছাড়াও পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ কার্ড চালুর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে। এতে ফসল উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের লাভও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী দুপুরে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে।