লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত।
লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত।   ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনে ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ভারতের সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়। ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের বরাত দিয়ে জানানো হয়েছে, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্তে গেলে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। এরপর গুলিতে আলী হোসেন গুরুতর আহত হন। বিএসএফ সদস্যরা তাকে নিজের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।”