শিল্পকলা একাডেমি নির্মাণ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।   ছবি: আরটিএনএন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি আধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। একই সঙ্গে অনুষ্ঠানকেন্দ্রিক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সেই অর্থ জনকল্যাণ ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ‘জনতা কালচারাল একাডেমি’র বার্ষিক পরীক্ষা উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমুর সভাপতিত্বে এবং শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, ঢাকা বা ময়মনসিংহের আদলে কলমাকান্দায় একটি আধুনিক শিল্পকলা একাডেমি গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে জনতা কালচারাল একাডেমিকে অগ্রাধিকার দেওয়া হবে।

একাডেমির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠানের কথা আগে জানা না থাকায় তিনি দুঃখিত।

তিনি আরও বলেন, একটি তোড়ার পেছনে কয়েক হাজার টাকা ব্যয় হয়, যা অপচয় ছাড়া কিছু নয়। এ অর্থ দিয়ে বাদ্যযন্ত্র কেনা বা দরিদ্রদের সহায়তা করা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তবে শিশুদের তৈরি সাধারণ শুভেচ্ছা কার্ডকেই তিনি সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে উল্লেখ করেন।

তরুণদের মাদকমুক্ত রাখতে সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে হবে, যাতে তারা সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয়—মানুষের মেধা ও মননই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় কলমাকান্দাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিক্ষার্থীরা বর্ণিল আয়োজনে ডেপুটি স্পিকারকে স্বাগত জানায়। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষার্থী আলিফের পরিবেশনা বিশেষভাবে প্রশংসিত হয় এবং তাকে পুরস্কৃত করা হয়।