গাড়ির বৈধ কাগজ না থাকলে পাম্পে তেল মিলছে না, উল্টো জরিমানা, সারাদেশ, পাম্প, তেল, বাইক, মোটরসাইকেল, পাংশা, জরিমানা, কাগজপত্র, যাচাই, চেক, পরীক্ষা,
মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের একটি দৃশ্য।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও অন্যান্য কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক। তিনি জানান, প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সর্বক্ষণ মনিটরিং-এ থাকবেন সহকারী কমিশনার (ভূমি)।

দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক বলেন, ‘গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও অন্যান্য কাগজপত্র ছাড়া কেউ পাম্প থেকে তেল পাবেন না। আমাদের কাছে তথ্য আছে, একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছে। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল না নিতে পারে, সেই জন্য মোবাইলে একটি এপ্লিকেশন চালু করা হয়েছে। এর মাধ্যমে এক ব্যক্তি একাধিকবার তেল নিতে আসলে তা চিহ্নিত করা সম্ভব হবে।’

উল্লেখ্য, পাংশা উপজেলায় দুটি ফিলিং স্টেশন রয়েছে। বৈশ্বিক সংকটের কারণে পাম্পগুলো স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ।