পদ্মা ব্যারেজ ও সেচ প্রকল্পের দাবিতে রাজশাহীতে মানববন্ধন, সারাদেশ, পদ্মা, ব্যারেজ, সেচ প্রকল্প,
মানববন্ধনের দৃশ্য।   ছবি: আরটিএনএন

রাজশাহী অঞ্চলে মরুকরণ রোধ ও ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা। তারা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পুরো অঞ্চল স্থায়ী পরিবেশগত সংকটে পড়তে পারে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীসহ রাজশাহীর নদীগুলো ক্রমেই পানিশূন্য হয়ে পড়ছে, যা কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। খরা মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচব্যবস্থায় সংকট তীব্র হচ্ছে। এ অবস্থায় অবৈধ বালু উত্তোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতকরণ এবং পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবি জানান। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা ব্যারেজ নির্মাণ দ্রুত শুরু করার আহ্বান জানান।

এ ছাড়া রাজশাহীর চিকিৎসাব্যবস্থার অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে সম্প্রতি বহু শিশুর মৃত্যু ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপার সাবেক সভাপতি জামাত খান, বাপা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোছা. সেলিনা বেগম, সহ-সভাপতি ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান, দুর্গাপুর উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান রূপালি খাতুন, বাপা পবা উপজেলার সভাপতি রহিমা বেগমসহ অনেকে।