সিলেট স্টেডিয়ামের বেহাল দশা, সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর, সারাদেশ, নতুন কুঁড়ি, সিলেট স্টেডিয়াম, ক্রীড়া প্রতিমন্ত্রী, আমিনুল হক, বিএনপি, সরকার,
সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।   ছবি: আরটিএনএন

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সংস্কার কাজ শেষে আগামী ৩০ এপ্রিল এই স্টেডিয়াম থেকেই দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) স্টেডিয়াম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার ফলে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি অবিলম্বে স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ এপ্রিল সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে কর্মসূচিটি শুরু হবে। প্রতিভা অন্বেষণের মাধ্যমে নির্বাচিতদের বিশেষ ক্রীড়া বৃত্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

খেলোয়াড়দের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২৯ জন এই সুবিধার আওতায় এসেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এতে যুক্ত হবেন।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।