পাবনা,দিনমজুর,কুপিয়ে,হত্যা,
নিহতের স্বজনদের আহাজারী।   ছবি: আরটিএনএন

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ।

নিহত আফছার সরদার ওই গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে আফছারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় তাকে হাত-পা বাঁধা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তার বাবার ওপর আগেই হামলা হয়েছিল। তার ধারণা, ওই ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

এদিকে, নিহতের মা আবেদা খাতুন বলেন, তার ছেলে সহজ-সরল মানুষ ছিলেন এবং কাজ ছাড়া কিছুই বুঝতেন না। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।