ট্রেন যোগাযোগ, উপবন এক্সপ্রেস
সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।   ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের ভানুগাছ–শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকাগামী-সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন সংযোজনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন স্থানে চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়ে যায় এবং সামান্য আগুনের সূত্রপাত ঘটে। ইঞ্জিনে ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকশো যাত্রী দীর্ঘ সময় আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

পরে সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেস-এর একটি ইঞ্জিন এনে বিকল উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, ইঞ্জিনের তাৎক্ষণিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। বিকল্প ইঞ্জিন সংযোজনের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করে।

উপবন এক্সপ্রেসের যাত্রীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর ট্রেনটি উদ্ধার করা হলেও কখন সিলেটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করবে, তা নিশ্চিত নয়। ফলে যাত্রীরা এখনও অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন।