উপবন এক্সপ্রেস, সিলেট
ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ। তিনি জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামানো হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণে সিলেটগামী কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত বিকল্প ইঞ্জিন এনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।