গণভোট নিয়ে ফেসবুক পোস্ট: এক ঘণ্টায় ছাত্রদল নেতা বহিষ্কার, ছাত্রদল, বিএনপি, সরকার, বহিস্কার,
বহিষ্কৃত রাকিবুল হাসান ও ফেসবুক পোস্ট।   ছবি: আরটিএনএন

গণভোটের পক্ষে ফেসবুকে মত প্রকাশকে কেন্দ্র করে লালমনিরহাটে ছাত্রদলের এক নেতাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি সোমবার (৩০ মার্চ) দুপুরে ঘটে, যেখানে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই দলীয় সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বহিষ্কৃত রাকিবুল হাসান আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে “এমডি রাকিবুল হাসান” নামের একটি ফেসবুক আইডি থেকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি দ্রুত জেলা নেতাদের নজরে আসে। পরে সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিকভাবে সক্রিয় রাকিবুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি মাঠে সক্রিয় ছিলেন। এর আগে ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার।

বহিষ্কারের পর প্রতিক্রিয়ায় রাকিবুল বলেন, ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি মনে করেন, দেশের চলমান বিভিন্ন ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন এবং জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোট হওয়া উচিত। তবে একটি ফেসবুক পোস্টের কারণে এভাবে বহিষ্কার হওয়ায় তিনি হতাশ বলে জানান।