কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি।
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে বাইরে ডেকে নেন। কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শফিকুল ইসলামের ডান চোখ, বাম চোয়াল ও উপরের পেটে গুলি লেগেছে। পেটে লাগা গুলিতে ভেতরের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।