ভ্রাম্যমাণ আদালত
কম্পিউটারের মাধ্যমে জাল সনদপত্র ও জন্মসনদ তৈরি।   ছবি: আরটিএনএন

পাবনার বেড়ায় দোকানে বসে কম্পিউটারের মাধ্যমে জাল সনদপত্র ও জন্মসনদ তৈরি করার অভিযোগে দুই যুবককে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) বিকেলে পৌর সদরের মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে মায়িশা খান।

অভিযুক্তরা হলেন আকাশ হোসেন ও রাকিব হোসেন। ভ্রাম্যমাণ আদালত তাদের যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ পেয়ে কৌশলে দুইজনকে দিয়ে সনদ তৈরি করতে পাঠানো হয়। এ সময় অভিযুক্তরা জাল সনদ তৈরিতে সম্মত হলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

অভিযানে দুইটি দোকান থেকে নকল সার্টিফিকেট তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইলসহ বিভিন্ন প্রমাণ জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা জন্মসনদ ও সনদপত্র অনলাইনে যাচাই করে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়।

পরে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় আকাশকে ১০ হাজার ও রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে মায়িশা খান জানান, অভিযুক্তরা অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা দেওয়ায় তাদের কারাদণ্ড দেওয়া হয়নি। তবে তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।