সারাদেশ, লঞ্চ, স্পিডবোট, ধাক্কা,
স্পিডবোটে ধাক্কা লাগার দৃশ্য।   ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া স্পিডবোটে থাকা পুলিশ সদস্যসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ফখরুল লালমোহনের সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন লালমোহন উপজেলা মৎস্য বিভাগের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সোহাগ এবং আরও তিনজন পুলিশ কনস্টেবল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনা-তেঁতুলিয়া নদীতে সরকারের জারি করা দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও মৎস্য বিভাগ। অভিযানের সময় হঠাৎ স্পিডবোটটি বিকল হয়ে নদীতে ভাসতে থাকে।

এদিকে, একই সময়ে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী ‘এমভি কর্ণফুলী-১২’ লঞ্চটি মঙ্গল সিকদার ঘাটে যাত্রী নামাচ্ছিল। একপর্যায়ে স্রোতের টানে স্পিডবোটটি লঞ্চের পেছনের প্রপেলারের দিকে চলে যায়। বোটটিকে সরানোর চেষ্টা করলে প্রপেলারের ঘূর্ণির প্রভাবে সেটি উল্টে ডুবে যায়।

পরে বোটে থাকা অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন পুলিশ কনস্টেবল ফখরুল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ ফখরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরবিএ/আরটিএনএন