মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ।
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ।   ছবি: আরটিএনএন

স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে মেহেরপুরের গাংনীর ধলা গ্রামের রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডবিধির ৩০২ ধারায় রায় ঘোষণা করেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির।  

মামলা সূত্রে জানা যায় , ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। হত্যাকান্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে রেজাউল। জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীর পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে। 

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন‌ মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) পাঠান। বিজ্ঞ আদাল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন। 

একই সাথে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত রেজাউল ইসলাম। ‌ আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।  ‌