মতবিনিময়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।    ছবি: আরটিএনএন

জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

রোববার (২২ ফেব্রুয়ারি) জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এ কর্মসূচি ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আয়োজিত সভায় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।

এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় মন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। 

সাধারণ মানুষের সেবা পেতে যেন কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন তিনি। 

বিশেষ করে হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কৃষকদের সার, বীজ ও প্রণোদনা বিতরণে স্বচ্ছতা ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার ওপরও জোর দেন।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেলপথ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান। 

একই সঙ্গে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

জেলার সড়ক অবকাঠামো আরও টেকসই ও নান্দনিক করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কাজ, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম গতি পেতে প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।