কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন, বিএনপি, এনসিপি, মনোনয়ন, সামাজিক যোগাযোগ,
ফেইসবুক থেকে   ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫৪ সেকেন্ডের ওই ভিডিতে তাকে বলতে শোনা যায়, ‌‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘর-বাড়ী সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে করেই না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই’।

‘আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নিবো কিন্তু। আনারা (আপনারা) কি আমাকে অপমানিত হবে দিবোন। তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয় যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে করতে সহায়তা করবেন। গুনাইঘর বাসীকে সহায়তা করবেন’।

এ বিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী যে বক্তব্য দিয়েছেন এটি আমাদের দলীয় বক্তব্য নয়। একান্তই তার ব্যক্তিগত, এর দায়ভারও দলের নয়। এরপরও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা পলি), বিএনপি জোট প্রার্থী গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাত পাখা)।