মুন্সিগঞ্জ
তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলেন। সেখানেই তারা দুর্ঘটনার শিকার হন।   ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যশলং এলাকার সিপাহিপাড়া–দিঘীরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তাঁদের সবার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে যশলং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসাইন মোহাম্মদ সাকিব ও মো. সানিয়াত মারা যান।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশগুলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।