জকসু নির্বাচনে সংবাদ সম্মেলনে  কথা বলছেন রিয়াজুল ইসলাম
জকসু নির্বাচনে সংবাদ সম্মেলনে কথা বলছেন রিয়াজুল ইসলাম   ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জকসু নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ চাইলেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। নির্বাচনে ব্যাপক অনিয়ম, মারধর এবং হুমকির অভিযোগ তুলে  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

রিয়াজুল ইসলাম বলেন, দর্শন বিভাগে যাওয়ার পর দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের এজেন্টরা বই আকারে প্রকাশিত তাদের প্যানেল পরিচিতি সামনে রেখে কেন্দ্রের ভেতর বসে আছেন। ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের এক এজেন্ট বিষয়টি নিয়ে আপত্তি জানালে কেন্দ্রের ভেতরেই তাকে মারধরের জন্য তেড়ে আসে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা এবং চিৎকার–চেঁচামেচি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি দাবি করেন, এসব ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ক্যাম্পাসে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে ভোটগ্রহণ ও বিশেষ করে ভোট গণনার সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। 

রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, তারা এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে গেলে কমিশন বরাবরের মতোই জানায় যে এখনো তাদের কাছে এমন কোনো অভিযোগ পৌঁছায়নি। কিন্তু এমন পরিস্থিতিতে শুধুমাত্র লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব নয়, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে এসে সমস্যা সমাধান করতে হবে বলেও দাবি করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, নির্বাচন কমিশন দায়িত্ব এড়িয়ে ছাত্রদল প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।

ভোটাররা ভোটকেন্দ্রে প্যানেল পরিচিতি নিয়ে প্রবেশ করছে, ছাত্রদল প্যানেলের এজেন্টরা শিক্ষার্থীদের ওপর প্রভাব বিস্তার করছে এবং নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলেও তিনি অভিযোগ করেন। এতে নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

‘জকসু নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে মন্তব্য করে,  বর্তমান পরিস্থিতিতে ন্যায়সঙ্গত নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে জানান রিয়াজুল ইসলাম ।