চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তরা জানে আলম নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে। ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনি  রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। জানে আলম (৫০) উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার ঘাটা এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। 

সোমবার সন্ধ্যায় রাতের খাবারের আগে জানে আলম বাড়ির সামনে  উঠানে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত সেখানে পৌঁছে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাত ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি  জানান ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়ে এবং তারা মুখোশ পরে ছিল। 

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।