গাইবান্ধা
গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে।   ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খায়। এতে বাস চালকের সহকারী মুসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় কমপক্ষে সাতজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও বাসটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আব্দুল জলিল রনি (৪২) ও সিদ্দিকুর রহমান (৪৫) নিহত হন। একই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত শরিফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এমকে/আরটিএনএন