ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।   ছবি : সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়ায় সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের ঘটনা তরুণ চাকরিপ্রার্থীদের হতাশ করেছে। এ পরিস্থিতিকে আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনার সঙ্গে তুলনা করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সাদিক কায়েম।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক বেকার তরুণের কর্মসংস্থানের দাবিকে কেন্দ্র করেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। তরুণদের প্রত্যাশা ছিল, বৈষম্যহীন পরিবেশে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা হবে। কিন্তু বর্তমান সরকার তরুণদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের নামে কোনো কারণ ছাড়াই শত শত শিক্ষার্থীকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। পরে প্রতিবাদের মুখে তাদের আবার নিয়োগপত্র দেওয়া হয়। এবার প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলো নির্মূল করতে না পারা সরকারের ব্যর্থতা। সরকারের কোনো না কোনো পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায় এড়ানোর সুযোগ নেই বলে দাবি করেন সাদিক কায়েম।

নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের প্রতিও সংহতি জানান তিনি। একই সঙ্গে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির সব নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলো স্থায়ীভাবে নির্মূল করার আহ্বান জানান সাদিক কায়েম। অন্যথায় বেকার তরুণদের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইতিহাসে নেতিবাচকভাবে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।