কর্মীকে সাংবাদিকতা শেখাতে সমকাল প্রতিনিধির কাছে পাঠান ছাত্রলীগ নেতা
কর্মীকে সাংবাদিকতা শেখাতে সমকাল প্রতিনিধির কাছে পাঠান ছাত্রলীগ নেতা   ছবি: আরটিএনএন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক মুনতাছির মারজু নামে এক শিক্ষার্থী। যাকে সাংবাদিকতা শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের আরেক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করতে বলে দেওয়া একটি অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। যেখানে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার আটক মুনতাছিরকে দৈনিক সমকালের চবি প্রতিনিধি মেহেদী হাসান ইমনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুনতাছির মারজুকে আটকের পর তার ফোনে থাকা ওই ভয়েস মেসেজটি পাওয়া যায়। এ ঘটনার পর দৈনিক সমকালের চবি প্রতিনিধি মেহেদী হাসান ইমনের সাথে পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।

এদিকে আটক মুনতাছির মারজুকে দেওয়া অডিও বার্তায় ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারকে বলতে শোনা যায়, ‘মেহেদী (মেহেদী হাসান ইমন, সমকাল পত্রিকার চবি প্রতিনিধি) একটা ছোট ভাই আছে, সাংবাদিক। তুমি চিনলেও চিনতে পারো। ওর নাম্বার দিচ্ছি। ওর সাথে দেখা কইরো। আর ওর সাথে আগের পরিচয় আছে কিনা, পরিচয় না থাকলেও কোনো প্রবলেম নাই। আমার রেফারেন্সটা দিবা। ওর সাথে দেখা করে কথা বইলো, আড্ডা-টাড্ডা দিও সাংবাদিকতার বিষয়টা নিয়ে।’

তিনি আরও বলেন, ‘তোমার কিছু বলা লাগবে না। জাস্ট দেখা করবা, দেখা করে কথা বলবা, এই আর কি, নরমাল। ক্যাম্পাসে যা হয় আর কি সিনিয়র-জুনিয়র।’

তবে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সমকালের চবি প্রতিনিধি মেহেদী হাসান ইমন বলেন, ‘আমি সাংবাদিক হিসেবে অনেক ধরনের মানুষের সঙ্গেই পরিচিত ও যোগাযোগ আছে। ছাত্রলীগ নেতা হলেও আবরার শাহরিয়ারও আমার একজন সোর্স। ওই হিসেবে তার সঙ্গে পরিচয়।’

মুনতাছিরকে সাংবাদিকতা শেখানোর বিষয়ে তিনি বলেন, ‘মুনতাছির আমার কাছে এসেছিল সাংবাদিকতা শেখার জন্য। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেন সাংবাদিকতা করতে চাও। সে জানাল, টাকার জন্য সাংবাদিকতা করবে। আমি বলেছি, এটা সাংবাদিকতার এথিক্সের সঙ্গে যায় না। আমি তোমাকে মেন্টরিং করতে পারব না।’

তবে মুনতাছির ছাত্রলীগের কর্মী এবং আবরার শাহরিয়ার তাকে তার কাছে পাঠিয়েছিলেন এ বিষয়টি তিনি আগে জানতেন না বলে জানান। ইমন বলেন, ‘সে ছাত্রলীগ কর্মী এবং আবরার শাহরিয়ার তাকে পাঠিয়েছিল, এটা আজকেই জানলাম।’

প্রসঙ্গত, মেহেদী হাসান ইমন বর্তমানে দৈনিক সমকালের চবি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানের আগে তিনি সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ‘সিক্সটি নাইন’ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ওই গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে কয়েকটি কর্মসূচির ছবিতেও তাকে দেখা গেছে।