ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের বাস দিচ্ছে বেরোবি প্রশাসন
ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের বাস দিচ্ছে বেরোবি প্রশাসন ।   ছবি: আরটিএনএন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের বাস সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা।

‎তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুইটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রশাসন এ উদ্যোগের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে নতুন একটি কার্যক্রমের সূচনা হলো। আগামী বাজেটে বিশ্ববিদ্যালয় এ খাতে বরাদ্দ বাড়ালে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিবহনসেবা চালু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‎বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাসসেবার দাবি জানানো হয়েছিল।

তিনি জানান, আগামী ২৩ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভাগের বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদও জানান তিনি।