রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ২ উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ২ উপ-উপাচার্য নিয়োগ ।   ছবি: আরটিএনএন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন দুই উপ-উপাচার্য  (অ্যাকাডেমিক ও প্রশাসন) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. আবদুল আলীম। 

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৩ (১) অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপ-উপাচার্য পদে থাকাকালীন তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে এই পদের প্রধান শর্ত হিসেবে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের গুরুত্বপূর্ণ পদ দুটি শূন্য ছিল। নতুন এই দুই শীর্ষ কর্মকর্তা নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।