ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করবে ঢাবি শিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।   ছবি: আরটিএনএন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে “দস্তরখান-এ-ঈদ” আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২০ মে) সংগঠনটি জানিয়েছে, দস্তরখান এ ঈদ আয়োজনের অংশ হিসাবে, ঈদের দিন রাতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হবে। আগামী ২৫ মে গুগল ফর্মের মাধ্যমে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, ‘ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীবান্ধব কাজে নিজেদের নিয়োজিত রাখে। তারই ধারাবাহিকতায় আমরা এবার কুরবানির ঈদে এই আয়োজন করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছরই ঈদে আমাদের অনেক সিনিয়র, জুনিয়র কিংবা ব্যাচমেট বন্ধু চাকরির পরীক্ষা ও নানা জটিলতার কারণে বাড়িতে যেতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এ আয়োজন করেছি। ইনশাআল্লাহ রাতের খাবার আমাদের শিক্ষার্থী ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে।